মো: এ কে নোমান, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ–রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্ব পাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।
নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় বিয়ে করেছিলেন। এ বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হলে তিনি স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে থেকে তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন।
তিনি আরও জানান, কয়েকদিন আগে নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করার সময় তন্ময় তার কাজের কিছু যন্ত্রপাতি রেখে যান। শনিবার সকাল ৯টার দিকে সেসব যন্ত্রপাতি আনতে যাওয়ার পথে নওহাটা মোড়ের পূর্ব পাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁগামী বি আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

