চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল না থাকায় কোথাও সীমিত সরবরাহ থাকলেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
শনিবার সকাল থেকে পৌর এলাকার ইসলাম ফিলিং স্টেশনে মোটরসাইকেলের প্রায় আধা কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায়। তেল নিতে আসা চালকদের অনেককেই ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দীর্ঘ অপেক্ষার পরও তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অনেকে।
বটতলা হাট মহল্লার বাসিন্দা আনোয়ারুল ইসলাম বলেন, জমিতে সার ও কীটনাশক দিতে বরেন্দ্র এলাকায় যেতে হবে। কিন্তু চার ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তেলের সংকট থাকলে কৃষি উৎপাদনও ব্যাহত হবে।
একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি নয়ন আলী বলেন, মার্কেটিংয়ের কাজ ফেলে তেলের লাইনে দাঁড়াতে হচ্ছে, এতে কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
নামো শংকরবাটি মহল্লার বাগান ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, তেলের অভাবে বাগানের কাজ ঠিকমতো করা যাচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল পাওয়া অনিশ্চিত।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, সরবরাহ কম থাকায় চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ইসলাম ফিলিং স্টেশনের এরিয়া ম্যানেজার মাসুম জনি বলেন, আজ ডিপো থেকে মাত্র তিন হাজার লিটার তেল পাওয়া গেছে। প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি তেল না দিয়ে সীমিতভাবে বিতরণ করা হচ্ছে।
জ্বালানি সংকটের কারণে কৃষি, ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

