মোহাম্মদ মাসুদ মজুমদার:
পুরান ঢাকার ঐতিহাসিক ব্যবসায়িক কেন্দ্র বেগমবাজার ও মৌলভীবাজারের দীর্ঘদিনের গৌরব এবং ঐতিহ্য রক্ষায় একাত্মতা ও দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন বেগমবাজার-মৌলভীবাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী এস এম মাসুদ।
সম্প্রতি ব্যবসায়ীদের এক সভা শেষে তিনি তার ব্যক্তিগত অফিসে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারী ২০২৬ এলাকার সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
হাজী এস এম মাসুদ বলেন, “বেগমবাজার ও মৌলভীবাজার কেবল একটি বাণিজ্যিক এলাকা নয়, এটি আমাদের আবেগ এবং শত বছরের ঐতিহ্যের ধারক। এখানকার ব্যবসায়ীরা যেন কোনো প্রকার বাধা ছাড়াই সুশৃঙ্খল এবং নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
ব্যবসায়ীদের ঐক্য ও নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের মধ্যে ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। কোনো প্রকার বিভেদ নয়, বরং সবাই মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আমি সবসময় সাধারণ ব্যবসায়ীদের পাশে আছি এবং থাকব।” বাজারে কোনো প্রকার হয়রানি বা চাঁদাবাজি সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বাজারে যেন কোনো ব্যবসায়ী হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”
এলাকার অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে হাজী এস এম মাসুদ জানান, আগামী দিনে বেগমবাজার-মৌলভীবাজারকে একটি আধুনিক ও আদর্শ ব্যবসায়িক হাবে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তব্যের শেষে তিনি তাকে দেওয়া দায়িত্বের প্রতি সম্মান প্রদর্শন করে সকল ব্যবসায়ীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। হাজী এস এম মাসুদের এই বলিষ্ঠ নেতৃত্ব এবং ইতিবাচক পদক্ষেপ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আশা ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

