কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের দুইশতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মরহুম হাজী শেখ আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্ট’।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুবাই প্রবাসী বিশিস্ট ব্যবসায়ী শেখ জহির উদ্দিনের বাসভবনে এই বিতরণ কর্মসুচি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।মুফতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সমাজকর্মী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী সুলেমান মিয়া, মাওলানা সুলতান আহমদ, মুফতি শামসুল ইসলাম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, জয়নাল আবেদীন, সাদিকুরর রহমান সামু, রুহুল ইসলাম হৃদয়, সমাজসেবক শিহাব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে বলেন,‘পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবায় বিত্তবানদের এভাবে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। মরহুম শেখ আরব উল্লাহ ও মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের উদ্যোগ স্থানীয় অসহায় পরিবারগুলোর রমজানের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।’ অনুষ্ঠানে হতদরিদ্র ও নিম্নআয়ী পরিবারের মাঝে ছোলা, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ময়দা, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সামগ্রী তুলে দেওয়া হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ জহির উদ্দিন জানান, ‘মরহুম বাবা-মায়ের স্মৃতি রক্ষার্থে এবং এলাকার পিছিয়ে পড়া মানুষের কল্যাণে তাদের এই মানবিক কার্যক্রম অতীতের ন্যায় আগামীতেও অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

