দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) গাড়িচালক জাহাঙ্গীর আলমকে নিয়মিত একটি মামলায় গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার এসআই জহির উদ্দিন।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম দিনাজপুর সদরের মোল্লাপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি হাবিপ্রবির পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাশেদ পারভেজের স্ত্রী আর্নিকা সাথী বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় জাহাঙ্গীর আলমসহ পাঁচজনকে আসামি করা হয় এবং জাহাঙ্গীর আলমকে এক নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে দিনাজপুর শহরের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়ভাবে জাহাঙ্গীর আলমকে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং একটি প্রগতিশীল কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক নওশের ওয়ান জানান, “সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এখনো অফিসিয়ালি আমাকে কিছু জানানো হয়নি। বিষয়টি যাচাই করে পরে বিস্তারিত বলা যাবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

