নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদী উপজেলায় বিল থেকে একটি পুরাতন জং ধরা গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত সোমবার বিকেলে মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের দিগাকান্দি গ্রামের দুয়ার বিলে মাছ ধরতে নামে কয়েকজন শিশু। বিকেলে তাদের আনতে বিলের পানিতে নামেন এক শিশুর মা শিখা বেগম। এসময় তার পায়ের নিচে একটি ভারি বস্তু অনুভূত হয়। পরে তিনি বস্তুটি পানির নিচ থেকে তুলে বিলের ধারে নিয়ে আসেন।
শিখা বেগম বস্তুটি ধুয়ে-মুছে পরিষ্কার করে বাড়িতে নিয়ে এলে আশপাশের মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয়। ছোট ছোট শিশুরাও সেটি নিয়ে খেলাধুলা শুরু করে। তবে বস্তুটির আকৃতি দেখে স্থানীয়দের মনে সন্দেহ সৃষ্টি হলে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে দেখে এটি একটি পুরাতন জং ধরা গ্রেনেড সদৃশ বস্তু। পরে সেটি পুলিশ হেফাজতে নিয়ে পানির নিচে নিরাপদে রাখা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়।
শিখা বেগম জানান, “বাচ্চাদের আনতে গিয়ে পানিতে পা দিতেই শক্ত কিছু লাগে। তুলে দেখি ভারি লোহার মতো একটি বস্তু। প্রথমে গুপ্তধন ভেবেছিলাম। পরে লোহা মনে হওয়ায় বিক্রি করার চিন্তা করে বাড়িতে নিয়ে আসি। পরে স্থানীয়রা এটি গ্রেনেড বলে সন্দেহ করলে পুলিশে খবর দেওয়া হয়।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পানির নিচে রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। তাদের টিম আসার পর বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বোম ডিসপোজাল ইউনিটের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

