দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর-কে সম্পূর্ণ সক্ষমতা অনুযায়ী কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমদানি-রফতানি কার্যক্রমকে মোংলা বন্দরকেন্দ্রিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিগত সরকারের সময় মোংলা বন্দরের জন্য হওয়া বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনার বিষয়েও তিনি বলেন, “চুক্তিগুলো আমরা স্টাডি করব। দেশের স্বার্থ রক্ষা এবং আমাদের জন্য সহায়ক হলে সেগুলো কার্যকর রাখা হবে।”
জাতীয় অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে এটিকে একটি পূর্ণাঙ্গ ও সফল সমুদ্রবন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব। বর্তমানে রেল ও নৌ যোগাযোগ ব্যবস্থা আছে, তবে তা আরও আধুনিক ও গতিশীল করা প্রয়োজন। স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো হবে।
মন্ত্রী আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে বন্দরের ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে।

