মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ অফিসে থাকার নির্দেশ দিয়েছে। পরিপত্রটি গত সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি আজ বুধবার (৪ মার্চ) প্রকাশ্যে আসে।
পরিপত্র অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সময় নির্ধারিত অফিস কক্ষে থাকতে বাধ্য থাকবেন। পাশাপাশি অন্যান্য দাফতরিক কার্যক্রম এমনভাবে সাজাতে হবে যাতে এই সময়টুকু বিঘ্নিত না হয়।
সর্বজনীন উপস্থিতি বিধিমালা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসা ও যাওয়া অবশ্যই সময়মতো করতে হবে।
বাধ্যতামূলক সময়ের শিথিলতা: শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে শিক্ষক ও অনুষদ সদস্য যাদের প্রশাসনিক দায়িত্ব নেই, হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর রোস্টার ডিউটি কর্মীরা, জরুরি গ্রাহকসেবা ও মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, অতিথি বক্তৃতা বা ব্যাংক, হাসপাতাল, বিদ্যালয়ে যাওয়া-আসার কারণে অনিয়মিত হলে এই সময়ের শৃঙ্খলা বিঘ্নিত হয়।
শুধুমাত্র ভিভিআইপি/ভিআইপি প্রটোকল, আকস্মিক দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্রে ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।

