দেশের বাজারে স্বর্ণের দাম টানা দুই দিন বড়ভাবে কমেছে। দুই দিনে ভরিপ্রতি প্রায় ৩০ হাজার টাকা দাম কমেছে। সর্বশেষ দফায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ২১,৯১৫ টাকা, যা ভরিপ্রতি ২ লাখ ৫৫,৬১৭ টাকা।
২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২০,৯২০ টাকা, ভরিপ্রতি দাম ২ লাখ ৪৪,১০০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের গ্রামপ্রতি দাম ১৭,৯৩০ টাকা, ভরিপ্রতি ২ লাখ ৯,১৩৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ১৪,৭৩৫ টাকা, ভরিপ্রতি মূল্য ১ লাখ ৭১,৮৬৯ টাকা।
বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) ভরিতে ১৪,৬৩৮ টাকা কমানো হয়েছিল। দুই দিনের কমানোর পর মোট দাম কমেছে প্রায় ৩০ হাজার টাকা। চলতি বছর এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ১৩ বার দাম বেড়েছে এবং ৫ বার কমানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৭,৩০২ টাকা, ২১ ক্যারেট রুপার ৬,৯৪০ টাকা, ১৮ ক্যারেট রুপার ৫,৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪,৪৩২ টাকা। চলতি বছরে রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ৯ বার বেড়েছে এবং ৫ বার কমেছে।

