পাইকগাছা, খুলনা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার খড়িয়া গোলায়বাড়ী চক এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী ব্যক্তি পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার লস্কর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোলবারিয়া গ্রামের বাসিন্দা জয় মন্ডল (৩৮) গত ১৫ মার্চ পাইকগাছা থানায় একটি জিডি করেন। যার নম্বর–৭৩২। জিডিতে তিনি উল্লেখ করেন, একই উপজেলার খড়িয়া গোলায়বাড়ী চক এলাকার বাবু সরদার, মুরাদ ঢালী, আব্দুল্লাহ সরদার ও লিটন সরদারের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে।
অভিযোগে বলা হয়, এ বিরোধের জেরে জয় মন্ডল আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছে বলে তিনি অভিযোগ করেন।
জয় মন্ডলের দাবি, গত ১৫ মার্চ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি নিজ বাড়ির সামনে অবস্থানকালে অভিযুক্তরা মোটরসাইকেলে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের সামনেও হুমকি দেওয়া হয় বলে জানান তিনি।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

