চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে মা ও ছেলে—দুইজনের মৃত্যু হয়েছে। বাকি ৭ জন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৭ বছর বয়সী শাওন। এর আগে, ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টার দিকে মারা যান তার মা নুরজাহান বেগম। পরে তার মরদেহ চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় বাবার বাড়িতে নেওয়া হয় এবং রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এর আগে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এলাকার হালিমা মঞ্জিল নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, ভোর সাড়ে চারটার দিকে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের দাবি, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; তবে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে গিয়ে বিস্ফোরণ ঘটতে পারে।

