রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের বাড়তি চাহিদার কারণে অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। ফলে শনিবার (৭ মার্চ) সকাল থেকেই পাম্পগুলোতে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায় এবং অনেক চালক তেল না পেয়েই ফিরে যাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করার পরও সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনেক পাম্পে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকটি পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় অনেক যানবাহনকে ফিরে যেতে হচ্ছে। এতে কোথাও কোথাও চালকদের মধ্যে অসন্তোষ ও বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে পাম্পগুলোর ওপর সরকারের কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা।
পাম্প মালিকদের দাবি, নিয়মিত যে পরিমাণ জ্বালানি সরবরাহ হওয়ার কথা তা পর্যাপ্তভাবে পৌঁছাচ্ছে না। একই সঙ্গে স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এই চাপ তৈরি হয়েছে।
রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলাতেও একই চিত্র দেখা গেছে। পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় রয়েছে এবং যানবাহনভিত্তিক নির্ধারিত কোটার ভিত্তিতেই জ্বালানি তেল দেওয়া হচ্ছে।
সকালের পর থেকেই অনেক পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেক ক্রেতা আশঙ্কা করছেন, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারে। সেই আশঙ্কায় তারা আগেভাগেই প্রয়োজনীয় পেট্রোল ও অকটেন সংগ্রহের চেষ্টা করছেন। তবে কিছু পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত চাহিদার কারণে সাময়িক চাপ তৈরি হলেও এখনো বড় ধরনের সংকট সৃষ্টি হয়নি।

