সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া।
অভিযানকালে জ্বালানি তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪০ ধারায় দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কয়েকটি পাম্পে পেট্রোল ও অকটেনের ঘাটতি থাকলেও ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এ সময় পাম্প মালিকদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়। তাদের নির্ধারিত দামে জ্বালানি বিক্রি,নির্দিষ্ট সময় অনুযায়ী পাম্প খোলা রাখা এবং ডিপোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাধারণ জনগণকেও প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি মজুদ না করার জন্য সচেতন করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

