ব্যাংক, এমএফএস, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ দেশের সকল প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা (ইন্টার-অপারেবল ট্রানজেকশন সিস্টেম) ২০২৭ সালের জুলাই মাসেই চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, এই নতুন ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এই ঘোষণা দেন।
গভর্নর ড. আহসান এইচ মনসুর লেনদেনে স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের গুরুত্ব তুলে ধরে বলেন:
“লেনদেনে স্বচ্ছতা আনার জন্য ডিজিটাইজেশনের বিকল্প নেই। আর এ জন্য আন্ত লেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে, দুর্নীতি কমবে, রাজস্ব আদায় বাড়বে।”
আন্ত লেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠান থেকেই বাংলাদেশ ব্যাংক এবং গেটস ফাউন্ডেশনের মোজোলুপের মধ্যে একটি চুক্তি সই হয়। নিরাপত্তার কারণে এই চুক্তিটি ভার্চুয়ালি করা হয়েছে বলে গভর্নর উল্লেখ করেন।
তিনি জানান, মোজোলুপের এই প্ল্যাটফর্মের নাম হবে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইএসপি)।

