মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় তৃণমূলের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। দান বা খয়রাতের প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে মানুষের আত্মসম্মান অক্ষুণ্ন রাখার লক্ষ্যে সংগঠনটি মাত্র ১০ টাকার প্রতীকী মূল্যে ২৫০টি পরিবারের হাতে তুলে দিয়েছে ঈদ উপহারের বিশেষ প্যাকেজ।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শহরের পার-নওগাঁ মুখ বধির স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঈদ প্যাকেজে ছিল সেমাই, দুধ, ভোজ্য তেল, চিনি, আতপ চালসহ নিত্যপ্রয়োজনীয় মসলা, পেঁয়াজ ও রসুন। নির্ধারিত স্থানে বিতরণের পাশাপাশি অনেক অসহায় মানুষের আত্মসম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে এসব উপহার পৌঁছে দেন।
দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসা এই সংগঠনটি ইতোমধ্যে তাদের সেবামূলক কার্যক্রমের ১৮২তম সপ্তাহ অতিক্রম করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের সভাপতি মোহাম্মদ রিমন আলী বলেন, “আমরা মনে করি, শুধু সাহায্য করলেই দায়িত্ব শেষ হয় না; মানুষের সম্মান অটুট রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। ১০ টাকার এই প্রতীকী মূল্য আসলে সেই সম্মানবোধকে ধরে রাখারই একটি প্রয়াস, যাতে উপকারভোগীরা মনে করেন তারা সম্মানের সঙ্গে এই সহায়তা গ্রহণ করছেন।”
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ফ্রেন্ডস প্যানেল গত ১৮২ সপ্তাহ ধরে নিরবচ্ছিন্নভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার এক টাকায় খাবার বিতরণ কর্মসূচি, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ এবং কর্মহীন মানুষকে স্বাবলম্বী করার মতো নানা উদ্যোগ সংগঠনের সদস্যদের নিজেদের কষ্টার্জিত অর্থেই পরিচালিত হচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ২৫০টি পরিবারের মুখে হাসি ফুটাতে পারাই তাদের সবচেয়ে বড় সার্থকতা বলে তিনি উল্লেখ করেন।
এর আগে সংগঠনটি প্রায় ৮০০ শীতার্ত মানুষের মাঝে প্রতীকী মূল্যে কম্বল বিতরণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। বছরজুড়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসা এই তরুণদের সংগঠনটি এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থ মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ প্রজন্মের এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সাম্যের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

