নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলার শিবপুর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর আওতায় জেলা পরিষদ আইন, ২০০০-এ সংযোজিত ধারা ৮২(ক)(১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তোফাজ্জল হোসেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের খবরে নরসিংদী জেলাজুড়ে বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তিনি জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারবেন।
বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের রাজনৈতিক ও সামাজিক জীবনের ইতিহাস দীর্ঘ ও সমৃদ্ধ। ১৯৬৮ সালের ২৯ ডিসেম্বর মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আহ্বানে হরতাল কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি গ্রেপ্তার হন এবং কারাবরণ করেন।
পরবর্তীতে ১৯৬৯ সালের ছাত্র গণঅভ্যুত্থানে নরসিংদী ও নারায়ণগঞ্জ অঞ্চলে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্ব দেন। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে তিনি রণাঙ্গনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পরবর্তীকালে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। ২০১৮ সালে একটি কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। শিক্ষা ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে—তিনি শিবপুর পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনে তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে চারদলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার কমান্ডার এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার ব্যবস্থায়ও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। পাশাপাশি নরসিংদী মহকুমা গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নরসিংদী জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবেন।

