এল. মোহাম্মদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের চিথলিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুর রহমান সুমন-এর সভাপতিত্বে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন’র উদ্যোগে ও আয়োজনে এবং নোভেস্টা ফার্মা পিএলসি-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে শেরপুর ইউনাইটেড (প্রা:) হাসপাতাল, শেরপুর চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং নকলার বাদল ডেন্টাল কেয়ার।
এদিন মেডিসিন, চর্ম-যৌন, চক্ষু, ডেন্টাল, শিশু ও গাইনি রোগে অভিজ্ঞ ১২ জন চিকিৎসক আলাদা আলাদা চেম্বার থেকে উপজেলার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করাসহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অর্ধশতাধিক রোগীর মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পেইনের পাশাপাশি কয়েকজন মেডিকেল টেকনোলজিস্ট (প্যাথলজি) সমন্বয়ে গঠিত পাঁচশতাধিক লোকের টিম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আতিকুর রহমান সুমন বলেন, ‘মানুষ মানুষের জন্য। আমার বিশ্বাস মানব সেবাই ইহজগতের সর্বোৎকৃষ্ট সেবা। একে-অপরের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
বিশেষ করে তাই সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে পারলে, সেটা হবে মানুষ হিসেবে একজন মানুষের সর্ববৃহৎ স্বার্থকতা। মানুষের জন্য কিছু করতে পারলে আমি নিজেকে স্বার্থক মনে করি।’
আয়োজকরা জানান, মানব সেবার উদ্দেশ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা দেশ ও জাতির কল্যাণে সেবামূলক বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন। সামর্থ অনুযায়ী নকলার মানুষের পাশে দাঁড়াতে পেরে তারা আনন্দিত।
তারা সবাই মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে সদা প্রস্তুত বলেও তাার জানান। তারা বলেন, ‘মানবতার কল্যাণে আমৃত্যু নিজেদেরকে বিলিয়ে দিতে চাই।’ এমন মানবিক কাজ অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেন তারা।
এ সময় গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্য স্বেচ্ছাসেবকগন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন বয়স ও পেশার নারী-পুরুষ রোগী উপস্থিত ছিলেন।

