পারভেজ হাসান | নিজস্ব প্রতিবেদক | বেরোবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদ স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। আগামী ১২ এপ্রিল (রবিবার) থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলা অনুষ্ঠিত হবে।
শনিবার (১১ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। তিনি জানান, বইমেলার উদ্বোধন করবেন শহিদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এ সময় ড. মনিরুজ্জামান বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বইমেলা চালু থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।
বইমেলাকে ঘিরে প্রতিদিন আলোচনা সভা, লেখক আড্ডা, আবৃত্তি, গ্রন্থ পর্যালোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে বলে জানান আয়োজকরা। মতবিনিময় সভায় আয়োজক কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, বিভিন্ন প্রকাশনী সংস্থা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

