মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী সদর–২ আসনে প্রতিদ্বন্দ্বীতা করা চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
তারা হলেন, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ মিনহাজুল ইসলাম মিনহাজ পেয়েছেন ২শত ৯৩ ভোট, দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী মোঃ সারোয়ার আলম ৩শত ৪৬ ভোট, টেলিভিশন প্রতীকের প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম পেয়েছেন ১শত ৮৯ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী হাছিবুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২শত ৩৬ ভোট। তাদের প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় জামানত বাজেয়াপ্ত হয়।
গতকাল ১২ই ফেব্রুয়ারী রাতে নীলফামারী-০২ আসনের সহকারী রিটার্নিং অফিসার ঘোষিত প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট।
দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১শত ৩৪টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৮৩ হাজার ৮শত ৪৫টি। বাতিল হয়েছে ৪ হাজার ৪শত ৩৫টি এবং সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৮হাজার ২শত ৮০টি।
ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আল ফারুক আব্দুল লতীফ ১ লাখ ৪৫ হাজার ২শত ২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫শত ৭৯ ভোট। তারা উভয়েই প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করায় তাদের জামানত বহাল রয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত বাজেয়াপ্তের বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং কেবলমাত্র জনসমর্থনসম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা থাকবে।

