মুহম্মদ আবুল বাশার, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে বিভাগীয় তথ্য কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর শিকারীকান্দা এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর আগে অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ ও অতিথিদের আসন ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল জানান, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য কমপ্লেক্স প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মুমেন, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মাসুদ মিয়া এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল। বক্তারা জানান, এই তথ্য কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে জেলা পর্যায়ে আধুনিক তথ্যসেবা সম্প্রসারণ সহজতর হবে এবং জনসাধারণের কাছে সরকারি তথ্য পৌঁছানো আরও কার্যকর হবে।

