সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিন চৌধুরীকে এদিন আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় এর আগে তার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল।

