দিনাজপুর প্রতিনিধি:
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা)।
বর্তমানে তিনি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক কে এম আজাদ সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু (শিমলা) ভর্তি হওয়ার সংবাদ নিশ্চিত করেছেন।
গত সোমবার (৩০ মার্চ) বিকেলে হাকিমপুর উপজেলা শহরের সিপি রোড এলাকায় বাবার বাড়িতে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কর্তব্যরত চিকিৎসক ডা. মুসা আল আশারী জানান, “রাত সোয়া ৮টার দিকে তাকে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আপাতত স্থিতিশীল।
ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ‘খাদিজা সীমু’ পেজে দেওয়া এক স্ট্যাটাসে দীর্ঘদিনের মানসিক যন্ত্রণা ও দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা উল্লেখ করেন তিনি। সেখানে তিনি লিখেছেন, দীর্ঘ ৭ বছর ধরে চলা ‘অন্যায় ও জুলুম’ আর সহ্য করতে পারছেন না এবং শান্তিতে ঘুমাতে চান। পাশাপাশি কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগও তোলেন।
পারিবারিক সূত্র জানায়, কিছুদিন ধরে খাদিজা মল্লিক সীমু শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন। তবে এদিন অতিরিক্ত মাত্রায় ওষুধ গ্রহণ করায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এদিকে, সন্ধ্যার পর হাসপাতালের আইসিইউর সামনে শিবলী সাদিকের মা ও ঘনিষ্ঠ স্বজনদের ভিড় করতে দেখা যায়।
উল্লেখ্য, শিবলী সাদিক দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। ২০১৯ সালের ৮ জুন খাদিজা মল্লিক সীমুর সঙ্গে তার বিয়ে হয়। এর আগে ২০১১ সালে সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার সঙ্গে তার বিয়ে হলেও ২০১৬ সালে পারিবারিক সমঝোতায় তাদের বিচ্ছেদ ঘটে।

