জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক।
তিনি ১৯৯১ সালে বিএনপির মনোনয়নে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সিরাজুল হক একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাধিক সম্মুখ যুদ্ধে অংশ নেন এবং কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৭ সালে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে। সে সময় তিনি জামালপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলেন। পরে তিনি জামালপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য তাকে জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

