জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান মাদবর ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রের বিভিন্ন অংশসহ আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর আলী মাদবর কান্দি এলাকায় তাদের নিজ বাসভবনে অভিযান চালানো হয়। অভিযান শেষে তাদের আটক করা হয়।
বুধবার সকালে জাজিরা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আশরাফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, তল্লাশির সময় পিস্তলের কভার, আগ্নেয়াস্ত্রের অংশবিশেষ, অস্ত্র পরিষ্কার করার সরঞ্জাম এবং চাপাতি-ছুরিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক দুজনকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

