পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী বলেছেন, পিরোজপুরের মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও তাকে নির্বাচিত করে যে আস্থা রেখেছেন, সেই দায়িত্ব তিনি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করবেন। একই সঙ্গে তিনি তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শ অনুসরণ করে এলাকায় উন্নয়ন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যের সময় তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং ইসলামী আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছেন। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ সংসদে নিজের বক্তব্য রাখার সুযোগ এসেছে।
শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা অপরিহার্য। তিনি টিআইবি’র এক প্রতিবেদনের উদাহরণ দিয়ে জানান, গত ১৫ বছরে কেবল সড়ক ও জনপথ বিভাগেই প্রায় ৫২ হাজার কোটি টাকা অনিয়মে লোপাট হয়েছে। এছাড়াও সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সংস্কৃতি পরিহারের আহ্বান জানান।
জুলাই সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, এটি বিপ্লবী ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল এই সনদকে সমর্থন দিয়েছে। তবে নির্বাচনের ফল ঘোষণার এক মাস পার হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
মাসুদ সাঈদী আরও বলেন, বিএনপি গণভোটের ফলকে সম্মান না দিয়ে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জনগণ হতাশ হয়েছে। তিনি দ্রুত সংসদ অধিবেশন ডেকে জনমনের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।
তিনি পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার বাবা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর প্রতিবাদে মানুষ যে সমর্থন দেখিয়েছেন, সেটিকে তিনি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন এবং জীবনের শেষদিন পর্যন্ত জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

