সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। অতীতের নির্বাচনী সহিংসতা ও গোলযোগের তথ্য বিশ্লেষণ করে বড়লেখা উপজেলার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন,গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা পরিকল্পনা। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ফোর্স,সশস্ত্র আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ৫২ ব্যাটালিয়ন কঠোর নিরাপত্তা কার্যক্রম হাতে নিয়েছে। ইতোমধ্যে সাড়ে ১২ প্লাটুন বিজিবি সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বড়লেখা নির্বাচনী এলাকার ৬৯টি ভোটকেন্দ্রের মধ্যে চিহ্নিত ৫৮টিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে,যাতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা যায়।
নির্বাচনী তথ্য অনুযায়ী,মৌলভীবাজার-১ আসনে মোট ভোটকেন্দ্র ১১৩টি এবং ভোটকক্ষ ৬৩২টি। এ আসনে পুরুষ ভোটার ১,৬৭,১৮০ জন, নারী ভোটার ১,৬৪,০৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩,৩১,২৫৪ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান,১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অতীতের কেন্দ্রভিত্তিক পরিস্থিতি পর্যালোচনা করে ঝুঁকির মাত্রা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী পুলিশ,দুইজন সশস্ত্র আনসার,দশজন লাঠিধারী আনসার এবং একাধিক গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
সার্বিক প্রস্তুতি ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটাররা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছে প্রশাসন।

