পাবনার চাটমোহরে রাস্তার ওপর পড়ে থাকা ভোটের লিফলেট তুলতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় পাঁচ বছরের আরাফাত হোসেনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে। নিহত শিশুটি ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আরাফাত বারকোনা গ্রামে তার নানা আলেফ হোসেনের বাড়িতে বেড়াতে এসেছিল। দুর্ঘটনার সময় ওই এলাকায় একটি দলের নির্বাচনি প্রচার চলছিল এবং ব্যাটারিচালিত অটো থেকে ফেলা লিফলেট কুড়াতে গিয়ে শিশু রাস্তার অপর পাশে আসা ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয়।
পরে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আরাফাতকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ওসি গোলাম সরওয়ার হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

