খুলনার শিববাড়ি মোড়ে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো যানটি পুড়ে গেছে, তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের ওই অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িতে কোনো রোগী ছিলেন না, কেবল চালক উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও চালক মোল্লা সোহাগ জানান, হাসপাতাল থেকে ময়লাপোতা মোড় হয়ে ফেরার পথে শিববাড়ি মোড়ে পৌঁছালে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। এরপর তিনি আগুনের তাপ অনুভব করেন এবং মুহূর্তের মধ্যে পেছন দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে। তিনি দ্রুত নেমে যাওয়ায় প্রাণে রক্ষা পান, যদিও আগুনের তাপে তার মাথার কিছু চুল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে (ওভারহিট) যাওয়ার কারণেই আগুনের সূত্রপাত হতে পারে।

