সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদন জমা দিলে তা পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এছাড়া বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থ উপদেষ্টার এই বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে চলমান আলোচনায় নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

