দেওয়ান মাসুকুর রহমান,
১২ ফেব্রুয়ারি ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
শ্রীমঙ্গলের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার ৮৭টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
২ লাখ ৬৭ হাজার ১শ’ ৯৫ ভোটারের মধ্যে মধ্যে ১লাখ ৩২ হাজার ৩শ’ ৫৮ জন নারী, ১ লাখ ৩২ হাজার ৩শ’ ৩৫ জন পুরুষ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছে। এছাড়া ২ হাজার ৫শ’ ১২ টি পোষ্টাল ভোট রয়েছে।
বিকাল পৌনে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স উপজেলা পরিষদ কার্যালয়ের নিয়ন্ত্রন কক্ষে নিয়ে আসার কাজ চলছে।
পর্যবেক্ষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শ্রীমঙ্গলে ৫২ থেকে ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রতিপক্ষ প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বেলা ১২টার দিকে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মো, ইসলাম উদ্দিন সাংবাদিকদের জানান- সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রয়োগ করছেন। তিনি শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জনগণের প্রতি আহবান জানান।

