জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা আক্কাস আলী মন্ডল (৫৮) খুন হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। শনিবার রাতে পুনট ইউনিয়নের বফলগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে গোলাপ মন্ডল (২৮) টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে বাঁশের খুঁটি ও ধারালো বটি দিয়ে আঘাত করে। আহত স্ত্রী ও মেয়েও তাকে রক্ষা করতে গেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। গুরুতর অবস্থায় মা ও মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে গোলাপ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

