নাটোরের কান্দিভিটা কদমতলা এলাকায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় তার ছেলে কাউসার মাহমুদ গুরুতর আহত হন।
স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে কয়েকদিন আগে কাউসার মাহমুদ এবং প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। সোমবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে প্রতিপক্ষ একজোট হয়ে কাউসারকে মারধর করতে থাকে। এ সময় আবুল কালাম এগিয়ে গেলে তারা বাবা ও ছেলেকে ধারালো শাবল ও চাকু দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
দু’জনকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবুল কালামের মৃত্যু হয়। ছেলে কাউসার মাহমুদ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

