মো আলম, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মার্মা (৫৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ক্যচিং মং মার্মা (৫৯) বাচিং কারবারি পাড়ার বাসিন্দা।
জানা গেছে, নিহত ক্যচিং মং মার্মা নিজের ধান ক্ষেতে কীটনাশক দিচ্ছিলেন। এ সময় বন্যহাতির একটি দল আকস্মিক তার ওপর আক্রমণ চালায়।
নিহতের স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৮টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি হাসপাতাল মর্গে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, হাতির আক্রমণে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

