ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে বিভাগটির সভাপতি আতিফা কাফির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুলাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। এছাড়াও বিভাগের শিক্ষকবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের প্রথম কাজ হলো পড়াশোনা করা। চাকরির বাজারে টিকে থাকতে হলে একাডেমিকের সাথে চাকরির পড়াশোনায় এখন থেকেই মনোযোগ দিতে হবে। সততার সাথে আত্নবিশ্বাস নিয়ে কঠোর পরিশ্রম করে যাবে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে। মা-বাবা ও গুরুজনদের সাথে ভালো ব্যবহার করবে। এর মাধ্যমে তোমরা সমাজের, দেশের ও বিশ্বের কল্যাণ করতে পারবে।
শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্রবান্ধব শিক্ষকের প্রধান কাজ রুটিন অনুযায়ী ক্লাসে যাওয়া। একাডেমিক পড়াশোনার পাশাপাশি দক্ষতা শিখার জন্য আগ্রহী করে গড়ে তোলা। তিনি আরও বলেন, গবেষণার মান বৃদ্ধি করে ইবি কে বিশ্বমন্ডলে পরিচিত করতে হবে।

