আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট বিভিন্ন জটিলতা ও অভিযোগের সুরাহা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ বৈঠকে বসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে এই ‘হাই-ভোল্টেজ’ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় বড় ধরনের ত্রুটি ও অনয়িম ধরা পড়েছে। দলটির দাবি, ৫ লাখের বেশি প্রবাসীর কাছে পাঠানো ব্যালটে ‘ধানের শীষ’ প্রতীকের অবস্থান ও বিন্যাসে ভুল করা হয়েছে। এছাড়া বাহরাইনসহ কয়েকটি দেশে ব্যালটের গোপনীয়তা রক্ষা না করার অভিযোগও উঠেছে। আজকের বৈঠকে এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে।
মাঠ পর্যায়ের বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে কয়েকজনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তাঁদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আজকের বৈঠকে মির্জা ফখরুল এই কর্মকর্তাদের বিষয়ে কমিশনের কঠোর অবস্থান দাবি করবেন।
প্রচারণায় বাধা প্রদান, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশি হয়রানি বন্ধে ইসির ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলবে বিএনপি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জোরালো দাবি জানানো হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ১৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপকে ‘বিতর্কিত’ বলে মন্তব্য করার পর এই প্রথম মির্জা ফখরুল সিইসির মুখোমুখি হচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠকের ফলাফলের ওপরই আগামী দিনের নির্বাচনী পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করছে।
বিএনপির প্রতিনিধি দলে দলটির নির্বাচন সংশ্লিষ্ট কমিটির অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠক শেষে নির্বাচন কমিশন বা বিএনপি মহাসচিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হতে পারে।

