ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত এই ব্যক্তিরা বাংলাদেশে চাঞ্চল্যকর শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তাদের ভারতীয় পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

