ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্র জানায়, বিস্ফোরণের পর ঘটনাস্থল তল্লাশি চালিয়ে মাদ্রাসা ভবনের ভেতর থেকে বিস্ফোরক দ্রব্য এবং বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক সেখানে মজুত ছিল এবং বিস্ফোরণের প্রকৃত কারণ কী—তা তদন্ত করে দেখা হচ্ছে।
আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

