সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়া-র পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকেও পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও জানান, নিহতের তিন সন্তানের লেখাপড়ার জন্য আগামী সাত বছর প্রতিমাসে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে পরিবারকে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়েও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে।
উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়া নিহত হন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক এবং দীর্ঘ সাত বছর ধরে সৌদি আরবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার তৃতীয় সন্তান শারীরিকভাবে প্রতিবন্ধী।

