দিনাজপুর প্রতিনিধি :
ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তাদের মেলা ও ঈদ পুনর্মিলনী।
আজ শনিবার বিকালে অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ দিনাজপুর গার্লস কমিউনিটি–এর উদ্যোগে শহরের ইন্সটিটিউট মাঠে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছেন জেলার নারী উদ্যোক্তারা।
মেলায় স্থান পাওয়া প্রায় ২৫টি স্টলে রয়েছে মুখরোচক খাবার, রকমারি পোশাক, বুটিক, হাতে সেলাই করা ড্রেস, প্রসাধনী সামগ্রী এবং শিশুদের খেলাধুলার নানা উপকরণ। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মেলায় ভিড় করছেন সব বয়সী নারী-পুরুষ, যা মেলাকে দিয়েছে প্রাণবন্ত পরিবেশ।
আয়োজকরা জানান, ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে উদ্যোক্তাদের প্রতিভা তুলে ধরা, তাদের উৎসাহিত করা এবং নিজস্ব উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মেলাজুড়ে কারুকার্যময় পণ্য ও বাহারি খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করছে।
উদ্যোক্তা ও গ্রুপের এডমিন আফরিন মৌ বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হলো দিনাজপুরের নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। পাশাপাশি একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি হচ্ছে।
আরেক উদ্যোক্তা শামিমা নাসরিন জানান, “এ ধরনের মেলা আমাদের জন্য বড় সুযোগ। এতে আমরা সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং আমাদের পণ্যের গ্রহণযোগ্যতা যাচাই করতে পারি।
মেলার উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। গ্রুপের এডমিন আফরিন মৌ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফরোজ মাহমুদ বন্যার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিন দিনব্যাপী এ আয়োজন ঘিরে উদ্যোক্তা ও দর্শনার্থীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

