সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি ):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়,নতুন বাজারে শ্যামল দেবের গুড়ের দোকান খোলার পর ভেতরে হঠাৎ একটি বড় তক্ষক দেখতে পান কর্মচারীরা। অপ্রত্যাশিত এ দৃশ্যে তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের দোকানদার ও স্থানীয়রা দ্রুত সেখানে জড়ো হন।
দোকানের মালিক শ্যামল দেব বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগ-এর রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। উদ্ধার কাজে অংশ নেওয়া পরিবেশকর্মীরা জানান,তক্ষক একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির প্রাণী। এটি ধরা,আটক রাখা বা কেনাবেচা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তক্ষককে ঘিরে উচ্চমূল্যের যে গুজব প্রচলিত রয়েছে,তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেও তারা উল্লেখ করেন।
পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করাই সবচেয়ে দায়িত্বশীল আচরণ।

