মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ইড়াতপাড়া এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় কয়েকদিন বিদ্যুৎবিহীন থাকার পর অবশেষে আলো ফিরে পেয়েছে প্রায় ২৫০টি পরিবার।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের আর্থিক সহযোগিতায় নতুন ট্রান্সফরমার স্থাপন করা হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এলাকার একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে আশপাশের প্রায় আড়াই শতাধিক পরিবার হঠাৎ করেই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। হিন্দু, মুসলমান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষসহ কামার-কুমারদের দৈনন্দিন কাজ ব্যাহত হয়।
এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিষয়টি সমাজকল্যাণমন্ত্রীর নজরে আনেন। পরে তাঁর আর্থিক সহায়তায় নতুন ট্রান্সফরমার ক্রয় করে স্থাপন করা হয়। ট্রান্সফরমার চালুর পর এলাকায় স্বস্তি ফিরে আসে।
স্থানীয় বাসিন্দা ফেরেজা, সিমা পাহাড়ি ও নিমাই কুমার বলেন, এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর। বিদ্যুৎ অফিসে টাকা দিয়ে ট্রান্সফরমার কেনার সামর্থ্য তাদের ছিল না। মন্ত্রীর সহায়তায় দ্রুত সমস্যার সমাধান হওয়ায় তারা কৃতজ্ঞতা জানান।
ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বলেন, পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক পরিবার ৪–৫ দিন অন্ধকারে ছিল। বিষয়টি জানার পর সমাজকল্যাণমন্ত্রী নতুন ট্রান্সফরমার কেনার জন্য ৮১ হাজার ১০ টাকা সহযোগিতা করেন।
এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর মমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

