নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-১ (সদর–মাধবদী) আসনে মাধবদী পৌরসভার ১১নং ওয়ার্ড শাখার উদ্যোগে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে মাধবদী পৌর এলাকার একটি উন্মুক্ত স্থানে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও নেতাকর্মীরা অংশ নেন। বৈঠকে আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া বলেন, নরসিংদী-১ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটতে পারে। এ সময় তিনি হাতপাখা প্রতীকের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন। উঠান বৈঠকে বক্তারা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

