ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীকে আগামী ১৫ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম-ঠিকানাসহ গেজেট ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করতে সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী কার্যক্রম নিতে হবে। এছাড়া দাখিল করা ব্যয়ের রিটার্নের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে ইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশের পর ৩০ দিন পূর্ণ হবে ১৫ মার্চ। এ সময়ের মধ্যেই সব প্রার্থীকে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারেরও বেশি প্রার্থী অংশ নিয়েছেন।

