নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৯০ বছর বয়সী আবদুল মজিদকে সরকারি নথিতে ‘মৃত’ দেখানোয় তাঁর বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে। প্রায় দেড় বছর ধরে তিনি ভাতাবঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের এই বৃদ্ধ প্রায় ২০ বছর ধরে ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই তাঁর ভাতা বন্ধ হয়ে গেলে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি তালিকায় তাঁকে মৃত হিসেবে দেখানো হয়েছে।
পরিবারের অভিযোগ, বিষয়টি সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের দাবি, ইউনিয়ন পরিষদ থেকে পাঠানো হালনাগাদ তালিকাতেই তাঁকে মৃত দেখানো হয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই ভাতা প্রতিস্থাপন করা হয়েছে।
ইউপি সদস্য বিষয়টি অস্বীকার করলেও উপজেলা সমাজসেবা কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যের বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আবদুল মজিদের ভাতা পুনরায় চালুর চেষ্টা চলছে।

