রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে বিশ্বজিৎ কর্মকার (৬৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিৎ কর্মকার ওই এলাকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য অমল কান্তি দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বজিৎ কর্মকার দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় এক বছর আগে তিনি স্ট্রোক করেন, এরপর থেকে তিনি দৃষ্টিশক্তি হারান এবং চলাচলের ক্ষমতাও কমে যায়।
পারিবারিকভাবে জানা যায়, তাঁর একমাত্র ছেলে অনেক বছর আগে পরিবার ছেড়ে চলে যান। বাড়িতে তিনি ও তাঁর স্ত্রী একসঙ্গে বসবাস করতেন। দীর্ঘ অসুস্থতা ও বার্ধক্যজনিত অসহায়ত্বে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

