ঈদকে সামনে রেখে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা-এ ক্রেতাদের আগমনে বাজারগুলোতে ভিড় বৃদ্ধি পেয়েছে। মার্কেট, ফুটপাত ও অলি-গলিতে ক্রমেই ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। তবে ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেটে ভিড় থাকলেও বিকিকিনি তেমন জমে উঠেনি। তারা শঙ্কা প্রকাশ করছেন, বৈশ্বিক যুদ্ধের প্রভাব এবারের ঈদ বাজারেও পড়তে পারে।
জানা গেছে, ১৫ রমজানের পর থেকে উপজেলার ছোট-বড় মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বেড়েছে। পৌর শহরের অভিজাত শপিং মল থেকে মধ্য ও নিম্নবিত্ত এলাকার বাজার পর্যন্ত মানুষের সমাগম দেখা যাচ্ছে। তবু ফুটপাতের দোকানগুলোতে ভিড় কম রয়েছে।
শুক্রবার রাতে পৌর শহরের এ ওয়াহাব প্লাজা, নূর ম্যানশন, আল মারওয়া শপিং কমপ্লেক্স, আসিদ আলী কমপ্লেক্স ও কুশিয়ারা কমপ্লেক্সসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, শাড়ি, রেডিমেড কাপড়, জুতো ও কসমেটিক্সের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
বিকিকিনির বিষয়ে পাঞ্জাবীর দোকান ফ্যাবুলাস কালেকশনের সত্ত্বাধিকারী জুনের আহমদ জানান, “লোকজন আসা-যাওয়া করছে, তবে ব্যবসা তেমন জমে উঠেনি। বৈশ্বিক যুদ্ধের কারণে এবার কিছুটা প্রভাব পড়তে পারে।” অন্যদিকে ইলিয়াছ সুজ-এর কর্মচারী জানান, ব্যবসা মোটামুটি ভালোই হচ্ছে। আতর-টুপি বিক্রেতা সুমন আহমদ জানান, ক্রেতারা টুপি ও মেহেদী কিনে নিয়ে যাচ্ছে এবং বিক্রি ভালো হচ্ছে।

