সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দমুখরভাবে সম্পন্ন হয়েছে। সড়কে উল্লেখযোগ্য যানজট নেই এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ রাখা হয়নি। সরকারের সমন্বিত প্রস্তুতির কারণে যাতায়াতে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, তিনি বলেন।
মন্ত্রী এই মন্তব্য করেন মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত ‘গোমা সেতু’ উদ্বোধন অনুষ্ঠানে।
তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ঢাকা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। এত বিপুল সংখ্যক মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার আগাম প্রস্তুতি নিয়েছিল, যার সুফল এখন ভোগ করছেন যাত্রীরা।
আঞ্চলিক উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী জানান, ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত মহাসড়ক সম্প্রসারণের কাজ শিগগিরই শুরু হবে। অবকাঠামো উন্নয়ন দেশের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য, এবং উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে।
নৌপথের নাব্যতা সংকট মোকাবিলায় মন্ত্রী জানান, প্রায় ৭,৫০০ কিলোমিটার নৌপথ নিয়মিত ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হচ্ছে। বর্তমানে ১,২০০ কিলোমিটার নদীতে খননকাজ চলমান এবং আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ খননের পরিকল্পনা রয়েছে। সদরঘাট থেকে দেশের বিভিন্ন রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

