জয়পুরহাট প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ৪০ দিনের ছুটি শেষে জয়পুরহাটে আজ রোববার (২৯ মার্চ) থেকে খুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও শিক্ষাঙ্গনে ফিরেছে প্রাণচাঞ্চল্য।
রোববার সকালে জেলার রামদেব উচ্চ বিদ্যালয় ও ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং উৎসবমুখর পরিবেশে পাঠদান কার্যক্রম চলছে।
শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ ছুটিতে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করেছে এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় তারা বেশ আনন্দিত। তারা আশা করছে, শিক্ষকেরা অতিরিক্ত ক্লাসের মাধ্যমে পড়াশোনার যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করে দেবেন।
ক্ষেতলাল সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুলফিকার আলী রনি জানান, দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। তবে আগামী পরীক্ষার আগেই অতিরিক্ত পাঠদানের মাধ্যমে তা পূরণ করা হবে।
দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও প্রাণ ফিরে আসায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।

