আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে নির্দিষ্ট কিছু ব্যক্তি সীমিতভাবে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা রক্ষার জন্য মার্কিং প্লেসে মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য, নির্বাচনী কাজের দায়িত্বে থাকা দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার এজেন্ট এবং ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
তবে ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে গোপন কক্ষে (মার্কিং প্লেস) কোনো ব্যক্তিই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এছাড়া, ভোটগ্রহণে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্ট ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কেউ মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না।
নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে।

