ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ (জিএসটি) ভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখা।
শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্থাপিত এই ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
এদিন হেল্প ডেস্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। ডেস্ক থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, সুপেয় পানি এবং প্রাথমিক চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়।
হেল্প ডেস্ক পরিদর্শনে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. উবাইদুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় তারা ছাত্র মজলিসের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইবি শাখার সভাপতি জুনায়েদ খান, বাইতুল মাল সম্পাদক ইকরাম হুসাইন, ক্যাম্পাস সম্পাদক জিহাদ হুসাইন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইকরামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে শাখা সভাপতি জুনায়েদ খান বলেন, “ছাত্র মজলিস সবসময় ছাত্রবান্ধব কাজ করে এবং শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত থাকে। আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ ধরনের সেবামূলক উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

